1
1
কুশল দাশগুপ্তঃ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে এক স্মৃতিভ্রংশে আক্রান্ত বৃদ্ধকে নিরাপদে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
জানা গিয়েছে, সালবাড়ি বাজার এলাকায় পথ হারিয়ে অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন এক বৃদ্ধ। বিষয়টি নজরে আসতেই এক সহৃদয় মহিলা তাঁকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনস্থ সালবাড়ি ট্র্যাফিক গার্ড অফিসে নিয়ে যান। তবে স্মৃতিভ্রংশে আক্রান্ত হওয়ায় ওই বৃদ্ধ নিজের পরিচয় বা বাড়ির ঠিকানা জানাতে পারছিলেন না।
এরপর ট্র্যাফিক গার্ডের পুলিশকর্মীরা ধৈর্য সহকারে তাঁর সঙ্গে কথা বলে এবং বিভিন্ন দাপ্তরিক ও ব্যক্তিগত সূত্রের সাহায্যে পরিবারের খোঁজ শুরু করেন। শেষ পর্যন্ত তাঁর ছেলের সন্ধান মেলে। যোগাযোগ করার পর নিরাপদে বৃদ্ধকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি প্রধাননগর থানাকেও জানানো হয়।
এই মানবিক উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ওই মহিলার প্রশংসা করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। পাশাপাশি, সহানুভূতি, মানবিকতা ও জনসেবার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পুলিশ।